Published : 20 May 2026, 09:04 PM
অ্যাপল ব্যবহারকারীদের জন্য এক নতুন কৌশল নিয়ে এসেছে প্রতারকরা। তারা ‘অ্যাপল হাই অ্যালার্ট’ নামে ভুয়া বার্তা পাঠিয়ে আইফোন ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বারবারা নামের এক নারী এই প্রতারণার শিকার হয়ে প্রায় ২৪ হাজার ডলার হারিয়েছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্রতারকরা প্রথমে আইফোনের সুরক্ষার ঝুঁকি আছে বলে ভুয়া বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা সমস্যা সমাধানের নামে বিপুল পরিমাণ অর্থ দাবি করে। বারবারা জানান, তার ফোনে ‘অ্যাপল হাই অ্যালার্ট’ শিরোনামের একটি বার্তা আসে, যেখানে বলা হয় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে। তিনি দ্রুত একটি নির্দিষ্ট নম্বরে ফোন করলে, একজন ব্যক্তি নিজেকে সাহায্যকারী হিসেবে পরিচয় দিয়ে জানায় তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং অর্থ বাঁচাতে দ্রুত একটি ‘নিরাপদ’ অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে।
সরল বিশ্বাসে বারবারা তার জমানো টাকা প্রতারকদের দেওয়া অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন এটি একটি পরিকল্পিত প্রতারণা ছিল। পুলিশ জানিয়েছে, পাঠানো অর্থ একটি নকল অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল এবং মাত্র দুই ঘণ্টার মধ্যে সেটি চীনের একটি ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে এই ধরনের প্রতারণার ঘটনা বাড়ছে। প্রায় প্রতি সপ্তাহে এমন অভিযোগ আসছে যেখানে বলা হচ্ছে মানুষের অর্থ ঝুঁকিতে আছে এবং তা বাঁচাতে দ্রুত অন্য অ্যাকাউন্টে পাঠাতে হবে। অ্যাপল এই ধরনের প্রতারণাকে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ অ্যাটাক বলছে। তাদের মতে, প্রতারকরা সাধারণত পরিচিত কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সেজে ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করে।
তারা ফোন, মেসেজ বা ইমেইলের মাধ্যমে ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করে ব্যক্তিগত তথ্য বা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক সময় তারা লগইন তথ্য, নিরাপত্তা কোড বা ব্যাংক সংক্রান্ত তথ্যও সংগ্রহ করে। বিশেষজ্ঞরা বলছেন, ভয় দেখিয়ে বা জরুরি অবস্থার কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দেওয়া অনলাইন প্রতারণার একটি সাধারণ কৌশল। তাই, সন্দেহজনক মেসেজ বা ফোনকল পেলে আতঙ্কিত না হয়ে তথ্য যাচাই করা উচিত। কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক বার্তার নির্দেশনা অনুযায়ী অর্থ পাঠানো বা ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। সূত্র: ডেইলি মেইল।